ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে এবং অধিবেশনে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের এই অধিবেশন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি। কাল সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ, কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’
তিনি জানান, আগামীকাল সংসদ নেতা, প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখবেন। আমাদের জানামতে, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার আজ পর্যন্ত চূড়ান্ত হয়নি, সে জন্য কে সভাপতিত্ব করবেন, বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।
এরপরে অধিবেশন আবার বসবে। সেই অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত হবে, এরপর শোক প্রস্তাব এবং আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণ হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে অধিবেশন মুলতবি হবে, জানান সালাহউদ্দিন।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা।
