বগুড়ার শাহজাহানপুরে চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এক কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন গত ৮ মার্চ সন্ধ্যায় আলু হিমাগারে নেওয়ার পথে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় কৃষক মেহেদী হাবীব আব্বাসীর ট্রাক আটকে চাঁদা দাবি করেন।
মেহেদী হাবীব জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলামও একই ঘটনা উল্লেখ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলুবোঝাই ট্রাক কিংবা ট্রাকে আলু লোড করার সময় স্বেচ্ছাসেবক দলের পরিচয় দেওয়া যুবকরা সেখানে উপস্থিত হয়ে চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা দেওয়ার পরই ট্রাক ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে আইয়ুব আলী বলেন, তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শাহজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
