ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হতে হবে। তিনি বুধবার (১১ মার্চ) সকালে মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

আইজিপি বলেন, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়। বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এ কারণে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আইজিপি জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাফিক পুলিশের মাধ্যমে নাগরিকদের প্রথম পরিচয় হয় এবং তাদের আচরণ পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম এবং স্বাগত বক্তব্য রাখেন ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের পক্ষ থেকে যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

অংশগ্রহণকারীরা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও প্রধান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং পথচারী নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি এ কে এম আওলাদ হোসেন, মোসলেহ্ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিন। বক্তারা আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশসমূহ ভবিষ্যতে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন