চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে রাবার ড্যামের পাইপ ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে একটি স্ক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং দুইটি বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১১ মার্চ) উপজেলার বরুমছড়া ইউনিয়নের হাইড্রোলিক রাবার ড্যাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম অপসারণ করা হয় এবং পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি ঠেকাতে রাবার ড্যামের সঙ্গে সংযুক্ত অবৈধ পাইপলাইন ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় স্থানীয় আবছারের বালু পয়েন্টে ১ লাখ টাকা এবং ইউপি সদস্য রায়হান বালু পয়েন্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার দীপক ত্রিপুরা এ বিষয়ে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাটিখেকো ও বালু খেকোদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
