বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জামায়াত আমিরের

বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী জোটের সংসদীয় কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, তাঁর দল ডেপুটি স্পিকারের পদ খণ্ডিতভাবে নিতে চায় না, বরং জুলাই সংস্কার প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের ভিত্তিতে বিরোধী দলের প্রাপ্য পদ গ্রহণ করতে চায় জামায়াত।

তিনি জানান, সংসদের উদ্বোধনী অধিবেশনকে সামনে রেখে বিরোধী জোটের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই জাতীয় সংসদ কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করুক।’

জামায়াত আমির বলেন, ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সরকারের যেকোনো ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবো। তবে দেশের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত হলে প্রতিবাদ জানানো হবে।’

তিনি রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার বিষয়ে সরাসরি কিছু না বললেও বলেন, ‘সমস্যার সমাধান প্রথম ধাপেই হোক।’ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই।’

এদিকে, বিরোধীদলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করবেন কিনা জানতে চাইলে জামায়াতের এক সংসদ সদস্য বলেন, ‘আমরা কোনো ব্যাপারেই হটকারী সিদ্ধান্ত নেব না।’

আরও পড়ুন