সুদানে ড্রোন হামলায় নিহত ৪০ জন, অধিকাংশই নারী

সুদানে ড্রোন হামলায় নিহত ৪০ জন, অধিকাংশই নারী

সুদানের দক্ষিণ করদোফান অঞ্চলে একটি ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল সূত্রের বরাতে আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নিহতদের অধিকাংশই নারী, যাদের মধ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া যাত্রীবাহী পিকআপ ভ্যানে হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা হামাদ আবদাল্লাহ জানান, একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

আব্দাল্লাহ বলেন, এর আগে রোববার স্থানীয় একটি বাজারে ড্রোন হামলায় ২০ জন নিহত হয়েছিলেন, যার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হয়। তবে সর্বশেষ হামলাটি কে চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ করদোফানের ডিলিং শহরে কয়েক ঘণ্টা আগে আরেকটি হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়। বর্তমানে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গৃহযুদ্ধ চলছে, যেখানে প্রায় দশ হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

করদোফান অঞ্চল বর্তমানে সবচেয়ে তীব্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে পরিচিত। ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে, যার মধ্যে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা এবং আবাসিক এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা রয়েছে।

আরও পড়ুন