সরকার ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে

সরকার ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে সরকার ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য মোট ব্যয় হবে ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই ভোজ্যতেল কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে ৪ লটে ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১৩৫ কোটি ১৫ লাখ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলে ১১টি দরপ্রস্তাব জমা পড়ে।

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে যশোরের মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার রাইস ব্রাণ তেল প্রতি লিটারে ১৬৯ টাকা ৭৫ পয়সা দরে কেনা হবে।

ঢাকার গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি থেকেও ২০ লাখ লিটার রাইস ব্রাণ তেল প্রতি লিটারে ১৬৯ টাকা ২৫ পয়সা দরে কিনতে খরচ হবে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা। তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকেও ২০ লাখ লিটার তেলের জন্য একই দামে কেনা হবে। গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার তেল প্রতি লিটারে ১৬৭ টাকা ৫০ পয়সা দরে কিনতে খরচ হবে ৩৩ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া, বৈঠকে ৫টি লটে ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কেনার জন্য ১৭০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১১টি দরপ্রস্তাব জমা পড়ে এবং যাচাই-বাছাই শেষে ৫টি প্রতিষ্ঠান থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোরের মজুমদার ব্রাণ অয়েল মিলস থেকে প্রতি লিটার ১৭০ টাকা ৭৫ পয়সা, ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ১৭০ টাকা ৪০ পয়সা, তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ১৭০ টাকা ২৫ পয়সা, গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি থেকে ১৭০ টাকা ২৯ পয়সা এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ১৭০ টাকা ৪০ পয়সা দরে তেল কেনা হবে।

আরও পড়ুন