বর্তমান সংসদকে বিশেষ একটি সংসদ হিসেবে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে নির্যাতিত যারা হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগের ফলেই এই সংসদ গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি শহীদদের স্মরণ করে বলেন, ‘আমি চিরঋণী’ তাদের প্রতি, যারা জীবন দিয়েছেন এবং যারা নির্যাতিত হয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছরে সংসদীয় রাজনীতি কার্যকর ছিল খুবই কম সময়। অধিকাংশ সময় দেশ ফ্যাসিবাদের কবলে ছিল এবং সংসদ ছিল কেবলই একটি ‘ডামি’ সংসদ। তিনি স্পিকারের কাছে আশা করেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে আলাদা কিছু হবে না এবং ইনসাফ প্রত্যাশা করেন।
তিনি সংসদকে চরিত্র হননের কেন্দ্র বানানোর বিরুদ্ধে সতর্ক করেন এবং বলেন, জনগণের কল্যাণ নিয়ে আলোচনা হওয়া উচিত। তিনি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদ সঠিকভাবে চললে অন্যান্য অঙ্গও সঠিকভাবে কাজ করবে।
বক্তব্যের শেষে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান এবং সংসদের সব গঠনমূলক কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
