হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

ভারতের দুটি ট্যাংকার জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী এই জাহাজগুলো হলো ‘পুষ্পক’ এবং ‘পরিমল’। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া গেছে।

গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। সেই আলোচনার ভিত্তিতে ইরান দুই জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেয়।

এর আগে বুধবার, ইরানের প্রতিরক্ষা বাহিনী একটি থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালায়, যাতে তিনজন নাবিক নিখোঁজ হন, তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও ছিলেন। হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এস. জয়শঙ্কর নিয়মিতভাবে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ রাখছেন। আলোচনার ফলস্বরূপ দুই ট্যাংকারকে নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বে যেসব তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তাদের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে।

আরও পড়ুন