বরিশালে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পরিচ্ছন্নকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই ধর্মঘটের প্রভাব পুরো নগরীতে পড়েছে, যেখানে বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে নতুন বাজার, চৌমাথা, বটতলা, রূপাতলী এবং সদর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্জ্য দেখা গেছে। পচা আবর্জনার দুর্গন্ধে নগরীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন অনেকেই।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সূত্রে জানা গেছে, প্রতিদিন ২৩টি ট্রাকের মাধ্যমে প্রায় ২০০ টন বর্জ্য সংগ্রহ করা হয়। কিন্তু গত তিন দিন ধরে ৭০০ পরিচ্ছন্নকর্মী ধর্মঘটে থাকায় নগরীর প্রধান এলাকাগুলোতে আবর্জনার পাহাড় জমেছে, বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা মানুষ ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে।
ধর্মঘটরত পরিচ্ছন্নকর্মী কালু বলেন, “আমরা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পাই মাত্র ২২ দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের জন্য বিশেষ বরাদ্দ ছিল, তবে এবার শুধু নিয়মিত বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বোনাস ছাড়া ঈদ উদযাপন তো দূরের কথা, পরিবারকে খাবার দেওয়াও কঠিন হয়ে পড়বে।”
সিটি করপোরেশনের একজন কর্মকর্তা জানান, ৭০০ কর্মী ধর্মঘটে যাওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন কর্মীদের আলোচনার জন্য ডাকলেও তারা বৈঠকে বসতে রাজি হননি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, “শ্রমিকদের দৈনিক ৭৫০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। তারা বর্ধিত বেতন ও ভাতার দাবি করছেন, যা দেওয়া সম্ভব নয়। তবে জনদুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”
