ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াক আউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা। আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
রাষ্ট্রপতি ভাষণ দিতে পোডিয়ামে দাঁড়ানোর আগেই বিরোধী এমপিরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘জুলাইয়ের সাথে গাদ্দারি জনগণ সইবে না’ এবং ‘উই রিজেক্ট বিট্রেয়াল অব জুলাই’। তারা স্লোগানও দেন, ‘ফ্যাসিবাদ গণতন্ত্র একসঙ্গে চলবে না’।
বেরিয়ে এসে জামায়াত আমির শফিকুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, তারা সরকারি দল ও স্পিকারকে অনুরোধ করেছিলেন রাষ্ট্রপতিকে ভাষণ দিতে না দেওয়ার জন্য, কিন্তু তাদের কথা গ্রাহ্য করা হয়নি। তিনি বলেন, ‘আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি।’
শফিকুর রহমান আরও জানান, ‘আগামীতে আমরা এই সংসদে কোনো অন্যায় বরদাস্ত করব না। আমরা জনগণের পক্ষে লড়াই করে যাব।’ তিনি জামায়াতের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘আমরা জনগণের অধিকারের পক্ষে আছি।’ গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি।’
তিনি জানান, পরবর্তীতে অধিবেশনে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেবেন এবং ‘এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের সংসদ’ বলেও মন্তব্য করেন।
