ছয় বছর বিরতির পর আজ থেকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ট্রেন সেবা পুনরায় চালু হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় এই সেবাটি বন্ধ করা হয়েছিল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাধারণত চীন সফরের সময় ব্যক্তিগত ট্রেনে যাতায়াত করেন, যা তিনি আকাশপথের চেয়ে বেশি ‘সুরক্ষিত’ মনে করেন। এখন সাধারণ জনগণও ট্রেনে যাতায়াতের সুযোগ পাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিনহুয়া জানিয়েছে, উত্তর কোরিয়া-চীন সীমান্তের ড্যানডং শহর থেকে প্রথম ট্রেনটি আজ সকালে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হয়েছে।
চীনের রেল দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নতুন ট্রেন সেবা উভয় দেশের যাত্রীদের উপকৃত করবে এবং ‘দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী’ করতে সহায়তা করবে।
চায়না রেলওয়ে আজ সন্ধ্যায় থেকে বেইজিং-পিয়ংইয়ং এর মধ্যে নিয়মিত রেলসেবা চালুর তথ্য দিয়েছে। করোনাভাইরাস মহামারির মাত্রা কমে আসার পর বেইজিং দ্রুত সীমান্ত উন্মুক্ত করেছে, তবে উত্তর কোরিয়া ধীরে চলার নীতি অবলম্বন করছে। গত বছর রাশিয়ার সঙ্গে ফ্লাইট ও রেলসেবা চালু করে পিয়ংইয়ং।
বেইজিংয়ের ট্র্যাভেল এজেন্টরা জানিয়েছেন, বৈধ ভিসা থাকলে যেকোনো ব্যক্তি উত্তর কোরিয়া যাওয়ার টিকিট কিনতে পারবেন।
