স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সংগ্রাম, লড়াই, ত্যাগ-তিতিক্ষা ও ছাত্র-শিশুদের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে। এখন নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে তর্ক-বিতর্ক স্বাভাবিক, তবে অপপ্রচার, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে এসব ব্যবহার করা কখনোই কাম্য নয়। তিনি জানান, জুলাই সনদের প্রতিটি ধারা নিয়ে তারা উপস্থিত ছিলেন। তিনি ও সালাউদ্দিন সাহেব সব স্বাক্ষর করেছেন। তবে কিছু বিষয়ে তারা একমত হননি, যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে তখনই প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, নির্বাচনের পর নির্বাচিত সদস্যরা সংসদ গঠন করবেন এবং তারাই সিদ্ধান্ত নেবেন কী কী সংস্কার প্রয়োজন। কিন্তু বর্তমানে সেসব বিষয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা তিনি নিন্দনীয় বলে মন্তব্য করেন।
