শহরের এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মাস দুয়েকের মধ্যে এগুলো মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে।
আজ বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি মাসের মধ্যেই প্রায় ২০০ এর মতো ভবনগুলোর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।’
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত পড়ে থাকা আবাসনগুলো স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘কিছু দিন আগে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।’
