সমালোচনার মুখে যিশুর বেশে পোস্ট করা ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

সমালোচনার মুখে যিশুর বেশে পোস্ট করা ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনার মুখে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ থেকে একটি বিতর্কিত ছবি সরিয়ে নিয়েছেন। ছবিতে ট্রাম্পকে যিশু খ্রিস্টের মতো একটি অবয়বে দেখা গেছে, যেখানে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে সাহায্য করছেন।

বিবিসির খবরে জানানো হয়েছে, ছবিটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে এবং ট্রাম্পের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ভেবেছিলেন ছবিতে তাকে একজন ‘চিকিৎসক’ হিসেবে দেখা যাচ্ছে।

ছবিতে ট্রাম্প সাদা আলখাল্লা পরে একজন অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখেছেন, যা যিশু খ্রিস্টের অলৌকিক চিকিৎসার ধর্মীয় চিত্রকর্মের সঙ্গে মিলে যায়। ছবির পটভূমিতে স্ট্যাচু অব লিবার্টি, মার্কিন পতাকা, যুদ্ধবিমান ও অন্যান্য চিত্রও রয়েছে।

পোস্টটি সরিয়ে নেওয়ার পরে ট্রাম্প দাবি করেন, বিভ্রান্তি এড়াতেই তিনি ছবিটি মুছে ফেলেছেন। তিনি বলেন, ‘মানুষ বিভ্রান্ত হচ্ছিল, আর আমি কাউকে বিভ্রান্ত করতে চাইনি।’

ছবিটির বিরুদ্ধে সমালোচনা আসতে দেরি হয়নি। খ্রিস্টান অ্যাক্টিভিস্ট শন ফিউচ বলেছেন, ‘এটি অবিলম্বে মুছে ফেলা উচিত। কোনো প্রেক্ষাপটে এই ধরনের ছবি গ্রহণযোগ্য নয়।’ বিশিষ্ট রক্ষণশীল কর্মী রাইলি গেইনস উল্লেখ করেছেন, ‘ঈশ্বরকে নিয়ে উপহাস করা সাজে না।’

ট্রাম্পের বিতর্কিত ছবিটি পোস্ট করার মাত্র এক ঘণ্টা আগে তিনি পোপ চতুর্দশ লিওকে সমালোচনা করেন। পোপ লিও ইরানে মার্কিন সামরিক অভিযানের একজন কট্টর সমালোচক।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আরেকটি বিতর্কিত পোস্ট সরিয়ে নেওয়া হয়েছিল, যেখানে বারাক ও মিশেল ওবামাকে কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন