বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের চুক্তিতে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। গত শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম মিটিং শেষে রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিস্তারিত জানিয়ে বলেন, রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই।
তিনি আরও বলেন, এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না। রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার।
রফিককে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘স্পিন বোলিং কোচ’ হিসেবে নিয়োগ করেছে। উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে।
