চোট কাটিয়ে এক মাসের বিরতির পর মাঠে ফিরে সৌদি প্রো লিগে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার আল নাজমাকে ৫-২ ব্যবধানে হারিয়ে লিগে টানা ১৩তম জয় পেয়েছে তার দল আল নাসর।
এই ম্যাচে রোনালদো সৌদি লিগে নিজের ১০০তম ম্যাচ পূর্ণ করেন। জোড়া গোল করে লিগে তার গোলসংখ্যা ৯৭-এ পৌঁছেছে, আর পেশাদার ক্যারিয়ারে মোট গোল হয়েছে ৯৬৭। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ফেরাটা দারুণ হলো। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
হ্যামস্ট্রিং চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। ফলে আল নাসরের আগের দুটি লিগ ম্যাচ এবং পর্তুগাল জাতীয় দলের প্রীতি ম্যাচগুলো মিস করতে হয়েছে তাকে।
ম্যাচে প্রথমার্ধের ঠিক আগে আল নাজমা গোল করে এগিয়ে গেলেও, আব্দুল্লাহ আল হামদান ও সাদিও মানের গোলে বিরতির আগেই লিড নেয় আল নাসর। দ্বিতীয়ার্ধে আল নাজমা সমতায় ফিরলেও ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন রোনালদো। ৭৩ মিনিটে তার দ্বিতীয় গোলের পর শেষ মুহূর্তে মানে দলের পঞ্চম গোলটি করেন।
লিগে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানের আল হিলালের চেয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে আছে।
