রণবীরের সঙ্গে মুখোমুখি হচ্ছেন না যশ, জানালেন অভিনেতা

রণবীরের সঙ্গে মুখোমুখি হচ্ছেন না যশ, জানালেন অভিনেতা

বলিউডের প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উন্মাদনা অব্যাহত রয়েছে। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যে রাম ও রাবণ চরিত্রে রণবীর কাপুর এবং যশের রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে যশ নিশ্চিত করেছেন যে, সিনেমার প্রথম পার্টে রণবীরের সঙ্গে তার কোনো দৃশ্য নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, সিনেমার গল্পে চরিত্রগুলোর ব্যক্তিগত যাত্রাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, এই সিনেমার প্রথম পর্বে আমাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। কারণ, এটি দুই পার্টের চলচ্চিত্র, তাই প্রথম পার্টে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য (লঙ্কা) রয়েছে এবং রামের রয়েছে তার নিজস্ব রাজ্য (অযোধ্যা)।’

পরিচালক নীতীশ তিওয়ারি ও প্রযোজক নামিত মালহোত্রার এই পরিকল্পনা স্পষ্ট। দুই মহাতারকাকে মুখোমুখি না দাঁড় করিয়ে, প্রথম পর্বে চরিত্রগুলোর গভীরতা এবং তাদের ব্যক্তিগত লড়াইকে বড় পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। দ্বিতীয় পর্বের সংঘাতের ভিত্তি হিসেবে সাজানো হয়েছে প্রথম অংশকে।

রণবীর কাপুরের প্রতি তার মুগ্ধতা লুকাননি যশ। তিনি বলেন, ‘আমাদের কয়েকবার দেখা হয়েছে। ও একজন চমৎকার অভিনেতা। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। যখন আমরা ‘রামায়ণ’-এর মতো বিশাল প্রজেক্টে কাজ করি, তখন সবার লক্ষ্য নিজেদের সেরাটা দেওয়া।’

‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে রণবীর কাপুর এবং রাবণ চরিত্রে যশ ছাড়াও সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডা। বড় বাজেটের এই সিনেমার প্রথম পার্ট ২০২৬ সালে এবং দ্বিতীয় পার্ট ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন