পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আনন্দবাজার পত্রিকার এক জরিপে পরিচালক কৌশিক মুখোপাধ্যায় বলেছেন, তিনি জোহরান মামদানিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। গতকাল দ্বিতীয় দফা ভোটের দিন প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, ‘এই সময়ে দাঁড়িয়ে আমার জোহরান মামদানিকে আদর্শ রাজনীতিবিদ বলে মনে হচ্ছে।’
পত্রিকাটির পক্ষ থেকে কৌশিককে প্রশ্ন করা হয়, ‘মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?’ জবাবে তিনি জোহরান মামদানির নাম উল্লেখ করে বলেন, ‘সেই রকম যদি কাউকে পাওয়া যায়, তাহলে আমাদের এখানে খুব ভালো হয়।’ পাশাপাশি তিনি মনে করেন, তরুণ নেতারা আস্তে আস্তে তৈরি হচ্ছেন।
‘দল দেখে ভোট দেন, না কি প্রার্থী দেখে?’—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘আদর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নীতিগত দিক থেকে আমি একমত সেই অনুভূতিটা কাজ না করলে অসুবিধা। তাই আমি দল হিসেবেই ভোট দেবো।’
পছন্দের রাজনীতিবিদ প্রসঙ্গে কৌশিক বলেন, ‘এই মুহূর্তে জোহরান মামদানি।’ তিনি আরও একজনের নাম বলেছেন, তবে তা প্রাসঙ্গিক নয় বলে জানা গেছে।
উল্লেখ্য, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচক। এর আগে আনন্দবাজারসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে জোহরান মামদানির সাফল্য ও তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
