মদ ও সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করবে।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে এই পাতলী খাল খনন করেছিলেন এবং বর্তমানে খালটি পুনঃখননের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন এবং ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে।
তিনি বলেন, কৃষকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তারেক রহমান উল্লেখ করেন, প্রতিবার বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার তা বাড়েনি, কারণ সরকার ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করেছে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, যে বাজেটে জনগণের উপকার হয়, মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়, সেই বাজেট নিয়েও বিরোধী দল সমালোচনা করছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
