‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তোপ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার কেরালায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তান কোনো ‘দুঃসাহসিকতা’ দেখালে ভারত চূড়ান্ত পদক্ষেপ নেবে। দুই দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের যেকোনো ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান।

সোমবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন।’

তিনি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, ‘কলকাতা আক্রমণের কথা বললে আমরা মানব না।’ মমতা গত বছর জম্মু-কাশ্মিরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা টেনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন? না-কি ভোটের আগে আরও একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি? প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই।’

এ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি পদত্যাগ দাবি করেন মমতা। তিনি বলেন, ‘পাকিস্তান কলকাতাকে আক্রমণ করার কথা বলছে আর প্রধানমন্ত্রী মুখে প্লাস্টার লাগিয়ে বসে আছে। আগে আপনি পদত্যাগ করুন।’

বিজেপির ‘অনুপ্রবেশ তত্ত্ব’ নিয়েও অমিত শাহকে কটাক্ষ করেন মমতা। সীমান্ত সামলাতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন