ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে রান আউট নিয়ে তর্কের জেরে আম্পায়ার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত রোববার দু’টি দলের ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু এবং বুদুমুরি চিরঞ্জীবী। রান আউটের সিদ্ধান্ত নিয়ে তর্ক শুরু হলে আম্পায়াররা খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন।
বিশাখাপত্তনম পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালে কান্তা কিশোর নামে এক দর্শক খেলোয়াড় ও আম্পায়ারদের গালাগালি করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে অজিত ও চিরঞ্জীবী তার কাছে যান। সেখানে রান আউট নিয়ে নতুন করে ঝগড়া শুরু হলে কান্তা হঠাৎ ছুরি বের করে অজিতকে কোপাতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কান্তাকে থামাতে গিয়ে চিরঞ্জীবী ও আরেক দর্শক আহত হন। অজিতকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজিতের বাবা ডোলা আপ্পালা রাজু হত্যার অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং ২৬ বছর বয়সী অভিযুক্ত কান্তা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
