ইসরায়েলের হামলায় গাজা ও লেবাননে অন্তত তিনজন সাংবাদিক নিহত হওয়ায় কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে অন্তত একজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এ ধরনের ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত হওয়া উচিত।
বুধবার গাজা ও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় সাংবাদিক মোহাম্মদ সামির ওয়াশাহ, ঘাদা দাইয়েখ এবং সুজান খলিল নিহত হন। আল জাজিরা মুবাশ্বেরের সংবাদদাতা ওয়াশাহ গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন, লেবাননে পৃথক হামলায় দাইয়েখ ও খলিল নিহত হন।
সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে বুধবারের ঘটনাসহ অন্তত ২৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে আরও সাংবাদিক নিহত হয়েছেন, শুধু লেবাননেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন।
সিপিজের আঞ্চলিক পরিচালক সারা কুদাহ বলেন, ‘সাংবাদিকদের যেভাবে দ্রুত এবং ব্যাপক হারে হত্যা করা হচ্ছে, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আন্তর্জাতিক আইনে বেসামরিক সাংবাদিকদের জন্য যে ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করার কথা, তার একটি পদ্ধতিগত ব্যর্থতার প্রতিফলন।’
সংস্থাটি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং চলমান হামলা বন্ধ করতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে চালানো সব হত্যাকাণ্ডকে স্বাধীন ও নিরপেক্ষভাবে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।
