শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা ১১৮ শতাংশ বেড়েছে

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা ১১৮ শতাংশ বেড়েছে

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফা ২০২৫ হিসাব বছরে আগের বছরের তুলনায় ১১৮ শতাংশ বেড়েছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৩৬৮ কোটি টাকা, যা আগের বছরে ছিল ১৬৯ কোটি টাকা।

গতকাল বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকটি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করেছে।

সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ২৩ টাকা ৭ পয়সায় পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ২১ টাকা ৯ পয়সা।

এ ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১২ টাকা ২৮ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা। আর্থিকভাবে ভালো পারফরমেন্সের কারণে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে, আগের বছর যা ছিল ১০ শতাংশ।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিট বিনিয়োগ আয় বৃদ্ধি, শেয়ার ও সিকিউরিটিজ থেকে বেশি আয় এবং অন্যান্য পরিচালন আয়ের প্রবৃদ্ধির ফলে মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থাপন বৃদ্ধি পাওয়ায় নগদ প্রবাহ শক্তিশালী হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

আরও পড়ুন