জাস্টিন বিবার চার বছর পর ফিরে আসছেন মঞ্চে

জাস্টিন বিবার চার বছর পর ফিরে আসছেন মঞ্চে

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার চার বছরের বিরতির পর আবারও লাইভ মঞ্চে ফিরছেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে কনসার্ট থেকে দূরে থাকার পর তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’-এ পারফর্ম করবেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করার পর এটি তার প্রথম বড় কোনো লাইভ ইভেন্ট। তিনি ভক্তদের জানিয়েছিলেন যে, র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তার মুখের এক পাশ অবশ হয়ে গিয়েছিল। চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

কোচেলা উৎসবের প্রথম ধাপ ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি ১১ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শো-তে অংশ নিতে পারেন জাস্টিন বিবার।

এবারের কোচেলা উৎসবে উপস্থিত থাকবেন সাবরিনা কারপেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী। সংগীতপ্রেমীদের জন্য এটি একটি বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান।

শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি বিবার। ২০২৫ সালের জুলাইয়ে তিনি তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশ করেন, যা তাকে আবারও সংগীত অঙ্গনে আলোচনায় নিয়ে আসে।

আয়োজকদের মতে, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে এবং এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে।

আরও পড়ুন