‘বনলতা এক্সপ্রেস’ ভেঙে দিচ্ছে ‘হাওয়া’র রেকর্ড

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে এবং বক্স অফিসে জমজমাট ব্যবসা করেছে।

জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি আঠারো দিন পেরিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে এবং বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে।

উত্তর আমেরিকার বাজার থেকে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মোট ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার এসেছে।

যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকেও সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে উত্তর আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশন করা বাংলা সিনেমা হয়ে উঠবে ‘বনলতা এক্সপ্রেস’।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’ উল্লেখ্য, এই ছবিটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত, এবং এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকে।

আরও পড়ুন