মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা শুরু হয়েছে। সিনেমাটির নায়িকা সাবিলা নূর টিজারের কোলাজ ছবি শেয়ার করে শাকিব খানের প্রশংসা করেছেন।
সাবিলা নূর বলেন, ‘এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ তিনি শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করে আরও বলেন, ‘শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সাথে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।’
১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খান ভিন্ন ও বিধ্বংসী লুকে দেখা গেছে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই নিজের মেগাস্টার ইমেজের জানান দিয়েছেন তিনি।
টিজার দেখে বোঝা যাচ্ছে, দর্শক এবার গান, উন্মাদনা ও বিনোদনের এক ভিন্ন স্বাদ পেতে যাচ্ছেন। মূলত একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।
