বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় শোবিজ তারকারাও নিজ নিজ প্রিয় দলের সমর্থনে মেতে উঠেছেন। কে কোন দল সমর্থন করেন, তা নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের।
অভিনেতা আবুল হায়াতের প্রিয় দল ব্রাজিল। তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল সমর্থন করি। ভালো লাগে ব্রাজিলের খেলা। এই দলের খেলার ভক্ত বলব না, পোকা বলব; এতটাই পছন্দ করি।’ আজিজুল হাকিম সমর্থন করেন জার্মানি। তিনি বলেন, ‘আমি জার্মানির সমর্থক। শুরু থেকেই এই দলটিকে সাপোর্ট করে আসছি। ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে ছন্দ, তা এই দলের মধ্যে আছে।’
চলচ্চিত্র নায়ক সিয়াম আহমেদ সমর্থন করেন স্পেন। তিনি বলেন, ‘স্পেনের খেলা আমাকে ভীষণ টানে, ভালো লাগে। শুরু থেকেই স্পেন সমর্থন করি। কখনোই নিজ দল থেকে সমর্থন প্রত্যাহার করিনি।’ রাফিয়াত রশীদ মিথিলা ও তানজিকা আমিন সমর্থন করেন আর্জেন্টিনা। মিথিলা বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে।’ তানজিকা বলেন, ‘কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা।’
চঞ্চল চৌধুরীর প্রিয় দলও আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে।’ জিয়াউল ফারুক অপূর্ব পছন্দ করেন ব্রাজিলের খেলা। তিনি বলেন, ‘ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। ব্রাজিল একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি।’ সজলের প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘দেখতে দেখতে আবারও চলে এল বিশ্বকাপ ফুটবল খেলা। অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনার জন্য।’
সংগীতশিল্পী আসিফ আকবর সমর্থন করেন ব্রাজিল। মোনালিসা সমর্থন করেন আর্জেন্টিনা। ইমন আর্জেন্টিনার এবং ওমর সানী ব্রাজিলের সমর্থক। অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা। বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিলকে। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি।’
