আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, যদি পাকিস্তান তার সামরিক অভিযান চালিয়ে যায়, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। তিনি জানান, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে’।
সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে তালেবান জানিয়েছে, আফগান সামরিক শক্তি যথেষ্ট ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে যে, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে এবং ৪০০ আফগান সেনা আহত হয়েছেন। এছাড়া, হামলায় ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আফগান বাহিনীর অন্তত ১১৫টি সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।
