ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচ দেশে হামলা চালিয়েছে, যার মধ্যে সৌদি আরব, আমিরাত এবং বাহরাইন অন্তর্ভুক্ত রয়েছে।
আবুধাবি ও দুবাইয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে অন্তত একজন নিহত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের আক্রমণের জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ তাদের রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ‘কয়েকটি’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ।
এতে আরও বলা হয়, ইরানের এই হামলা আমিরাতের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমিরাত এর প্রতিক্রিয়া জানানোর এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
এদিকে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা করায় ইরানকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছে মানামা। বাহরাইন বলেছে, এই হামলা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন।
জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের খবর পাওয়া গেছে, তবে এর উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
