ইরানে আয়াতুল্লাহ উপাধির গুরুত্ব ও তাৎপর্য

ইরানে আয়াতুল্লাহ উপাধির গুরুত্ব ও তাৎপর্য

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর কে হচ্ছেন পরবর্তী সর্বোচ্চ নেতা, তা আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। একই সঙ্গে আলোচনা চলছে ‘আয়াতুল্লাহ’ শব্দটির অর্থ ও তাৎপর্য নিয়ে। এটি কি নামের অংশ, নাকি উপাধি, এবং উপাধি হলে এটি কার জন্য প্রযোজ্য?

আয়াতুল্লাহ একটি আরবি শব্দ, যার অর্থ আল্লাহর নিদর্শন। এটি শিয়া ইসলামে উচ্চপদস্থ ধর্মীয় নেতাদের জন্য একটি সম্মানসূচক উপাধি। এটি কোনো নেতার পদবি নয়; বরং যিনি যোগ্য হন, তাকেও এই সম্মান দেওয়া হয়। যেমন, বাংলাদেশে বিজ্ঞ আলেমদের মুফতি উপাধি দেওয়া হয়। ১৯৮৯ সালে আলী খামেনি যখন সর্বোচ্চ নেতা হন, তখন তাকেও এ উপাধি দেওয়া হয়েছিল।

আলীর খামেনির নামের আগে ‘সাইয়্যিদ’ ব্যবহার করা হয়েছে, যা বোঝায় যে তিনি ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর বংশধর। আয়াতুল্লাহ উপাধি কোনো বংশগত পদবি নয়, বরং এটি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ ধর্মতত্ত্ববিদ ও আইনবিদদের জন্য একটি সম্মানসূচক উপাধি।

ইরানে গভীর পাণ্ডিত্য তথা কুরআন, সুন্নাহ, ইসলামি দর্শন এবং যুক্তিবিদ্যায় দীর্ঘকাল (সাধারণত কয়েক দশক) পড়াশোনা ও গবেষণা করে একজন আলেম এ স্তরে পৌঁছান। তাদের মধ্যে ইজতিহাদ করার ক্ষমতাও থাকতে হয়। যখন একজন আলেম ইসলামি সূত্রগুলো বিশ্লেষণ করে নতুন আইনি সিদ্ধান্ত বা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেন, তখন তাকে ‘মুজতাহিদ’ বলা হয়। মূলত এই মুজতাহিদদেরই ‘আয়াতুল্লাহ’ সম্বোধন করা হয়।

এটি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়; বরং অন্যান্য বরেণ্য আলেম, ধর্মীয় শিক্ষা কেন্দ্র (যেমন- ইরানের কোম বা ইরাকের নাজাফ) এবং সাধারণ অনুসারীদের কাছ থেকে শ্রদ্ধার মাধ্যমে এই স্বীকৃতি আসে। সাধারণ আলেমদের ‘হুজ্জাতুল ইসলাম’ বলা হয়, এবং যারা আরও উচ্চতর পর্যায়ে যান এবং যাদের লাখ লাখ অনুসারী থাকে, তাদের ‘আয়াতুল্লাহ আল-উজমা’ বা গ্র্যান্ড আয়াতুল্লাহ বলা হয়।

আরও পড়ুন