টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবরা, বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির স্থাপন করেছে তারা।
ভারতের এবারের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের বেশিরভাগ মাঠেই ব্যাটিং সহায়ক উইকেট থাকায় ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়েছে, তবে বুমরাহ ব্যতিক্রম ছিলেন। তার অসাধারণ বোলিং ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ফাইনাল ম্যাচে বুমরাহ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪ উইকেট শিকার করেন এবং কিউইদের ব্যাটিংকে নিয়ন্ত্রণ করেন। তার এ পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘গত ম্যাচের পর সাঞ্জু বলেছে যে ম্যাচ-সেরার পুরস্কার সে জাসপ্রিত বুমরাহকে দিতে চায়। এক প্রজন্মে এরকম বোলার একজনই আসে। আমি ওকে জাতীয় সম্পদ বলতেই পারি।’ তিনি আরও বলেন, ‘সে জানে কখন কী করতে হয় এবং কীভাবে করতে হয়। কোনো সংশয় নেই যে এই খেলার সেরা সে এবং আশা করি, সে এটা ধরে রাখবে।’
