বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, পশ্চিমা বিনোদন জগতে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ভারতে কাজ করার সময় নিজেকে কিছুটা আবদ্ধ মনে করায় পশ্চিমা চলচ্চিত্র জগতে পা রাখার সিদ্ধান্ত নেন।
নট স্কিনি বাট নট ফ্যাট পডকাস্টে তিনি জানান, কীভাবে মিন্ডি কালিং এবং ঐশ্বরিয়া বচ্চন আমেরিকান পপ সংস্কৃতির জগতে নিজেদের পরিচিতি তৈরি করেছিলেন। প্রিয়াঙ্কা ভাবতে শুরু করেন, ভারতীয়রা কেন আন্তর্জাতিক বাজারে ততটা দৃশ্যমান নয় এবং সেখানে নিজের উপস্থিতি দিয়ে সেই জায়গাটি আরও বিস্তৃত করা যায় কি না।
তিনি উল্লেখ করেন, নতুন জায়গায় শুরু করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রিয়াঙ্কা বলেন, ‘কোনো কিছুই সহজ নয়। আমাদের প্রত্যেকেরই নিজের লড়াই আছে।’ তিনি আরও যোগ করেন, জীবনে কঠিন সময় এলে মানুষ চাইলে নিজেকে নতুনভাবে গড়তে পারে।
প্রিয়াঙ্কা জানান, তিনি একেবারে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন এবং সেখানে পূর্বে কোন নির্দিষ্ট পথ ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি শুধু চেষ্টা করেছিলাম।’ বর্তমানে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী পশ্চিমা দুনিয়ায় প্রায় সাত বছর কাজ করার পর আবার ভারতীয় সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
তার পরবর্তী সিনেমা ‘বারানসি’, যা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকমারান। সিনেমাটি মুক্তির সম্ভাব্য তারিখ আগামী বছরের ৭ এপ্রিল। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া অস্কারে উপস্থাপক হিসেবে অংশ নেবেন।
