বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, শ্বশুরবাড়ির অশান্তি বা পারিবারিক দ্বন্দ্বের কারণে সম্পর্ক অনেক সময় তালাক পর্যন্ত গড়ায়। বাবা-মা যদি নির্দেশ দেন যে স্ত্রীকে তালাক দিতে হবে, তাহলে সেই নির্দেশ মানা জরুরি কি না—এমন প্রশ্নের জবাব দিয়েছেন ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, বাবা-মা যদি কেবল ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা তুচ্ছ কারণে তালাক দিতে বলেন, তবে তা মানা জরুরি নয়। তবে স্ত্রী যদি শরীয়তবিরোধী কাজ করেন বা ফাসেক হন, তবে মা-বাবার নির্দেশে তাকে তালাক দেওয়া যেতে পারে।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, যেন পিতামাতার মন-মানসিকতার পরিবর্তন হয়। স্ত্রীকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার উপদেশ দিন। মা-বাবাকে বোঝান যে, তারা যেন স্ত্রীর ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তার সঙ্গে স্নেহ-মমতার আচরণ করেন। নিজের মেয়েকে যেভাবে ভুল হলে ক্ষমা করেন, সে চোখে যেন স্ত্রীকে দেখেন। আর স্ত্রীকে বলবেন, যেন নিজের বাবা-মায়ের মতো মনে করে। তাহলেই পারিবারিক দ্বন্দ্ব হবে না এবং সুখ-শান্তি ও আল্লাহর রহমত পরিবারে থাকবে।
