এক প্লেট চটপটিতে ৭ কোটি মলমূত্রের ব্যাকটেরিয়া

এক প্লেট চটপটিতে ৭ কোটি মলমূত্রের ব্যাকটেরিয়া

রাজধানীর জনপ্রিয় খাবার চটপটিতে ৭ কোটি ২০ লাখ ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা মূলত মানব মলমূত্র থেকে ছড়ায়। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা যায়। রাজধানীর প্রায় ৯০ শতাংশ স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

গুলিস্তান, মিরপুর এবং ফার্মগেটের ফুটপাতের দোকানগুলোতে স্বাস্থ্যবিধির চরম অবহেলা দেখা যায়। ময়লা পানিতে প্লেট ধোয়া, খোলা খাবারে ধুলা-ধোঁয়ার সংস্পর্শ এবং বিক্রেতার অস্বাস্থ্যকর হাতের কারণে খাবার জীবাণুর আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। একই তেল ব্যবহার করে বারবার খাবার ভাজা হচ্ছে, যা ট্রান্সফ্যাটে পরিণত হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৩৭টি স্থান থেকে সংগ্রহ করা ৪৫০টি নমুনা পরীক্ষা করে চটপটি, ছোলা-মুড়ি এবং আখের রসে ই-কোলাই, সালমোনেলা ও ভিব্রিও জীবাণুর উপস্থিতি পেয়েছে। বিশেষজ্ঞরা জানান, এসব জীবাণু ডায়রিয়া, পেটের রোগসহ দীর্ঘমেয়াদি জটিল অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে।

গবেষক মো. লোকমান হেকিম বলেন, ঢাকা শহরের খাবার পানির প্রধান উৎস ওয়াসা, যেখানে পানির পাইপ ও পয়ঃনিষ্কাশনের লাইন একাকার হয়ে গেছে। ফুটপাতের বিক্রেতারা সরাসরি এ পানি ব্যবহার করছেন, ফলে খাদ্যের পাত্র জীবাণুমুক্ত রাখার নিয়ম তারা জানেন না।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর রাস্তার খাবারে বিপজ্জনক মাত্রায় টোটাল কলিফর্মস ও ই-কোলাই ব্যাকটেরিয়া রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ সতর্ক করে বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার জনস্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক হয়ে উঠেছে।

আরও পড়ুন