ডায়াবেটিস রোগীরা সাধারণত যেকোনো ফল খাওয়ার আগে চিন্তিত থাকেন। বর্তমানে চলছে লিচুর সিজন এবং তারা জানতে চাইছেন, লিচু খেলে সুগার বেড়ে যাবে কি না। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে লিচু খেতে পারেন। এটি বিশেষ কোনো ক্ষতিকর নয়, বরং উপকারী। তবে মিষ্টি ফল হওয়ায় ইচ্ছামতো খাওয়া যাবে না।
লিচুর গ্লাইসেমিক ইনডেক্স ৫০ এবং গ্লাইসেমিক লোড ৭.৬, যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এর ফলে লিচুর খাওয়ার পর রক্তে ধীরে ধীরে শর্করা প্রবেশ করে। এছাড়াও, লিচুতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে, যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যারা সুগার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, তারা একবারে ৪০ গ্রাম বা বড় আকারের ৪ থেকে ৬টি লিচু খেতে পারেন। তবে খাওয়ার সময় সকালে বা দুপুরের খাবারের পরে খাওয়া ভালো। লিচু মিষ্টি ফল হওয়ায় অতিরিক্ত খাওয়া উচিত নয় এবং লিচু খাওয়ার পর নিজের সুগারের মাত্রার পরিবর্তন খেয়াল রাখা দরকার। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
