রুশ বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’
ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা?
এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই মডেল।
