ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সাগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জামিনের পাশাপাশি এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবুল সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি।
আইনজীবী গাজী কামরুল ইসলাম বলেন, অন্য কোনো মামলা না থাকলে হাইকোর্টের এই আদেশের ফলে আবুল সরকারের কারামুক্তিতে কোনো বাধা নেই। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই আইনজীবী।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে অংশ নেন আবুল সরকার। সেখানে তার পরিবেশনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ বাউলশিল্পীর বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।
