দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদের শান্তি বৈঠক শেষে পাকিস্তান উভয় পক্ষকে চলমান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবিরতি রক্ষা করা এখন সময়ের দাবি।
ইসহাক দার আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ভবিষ্যতেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ সহজতর করতে ভূমিকা রাখবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে জানান, তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি, যা ইরানের জন্য খারাপ খবর। অপরদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, দুই পক্ষ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তবে কিছু মৌলিক ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারিতে চরম আকার ধারণ করে। পরবর্তীতে, গত ৭ এপ্রিল থেকে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে।
