স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

সারাদেশে মৃদু তাপপ্রবাহের মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর স্বস্তির বার্তা দিয়েছে। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

তবে এখনই তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিচ্ছে না। ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৭ ও ২৮ এপ্রিল বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। ওই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন