নিয়মিত নামাজ পড়ুয়াদের প্রায়ই নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়। অনেক সময় তারা ভুলে যান তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত। এ অবস্থায় নামাজ আদায়কারী কীভাবে বাকি নামাজ পূর্ণ করবেন?
এসব ক্ষেত্রে প্রবল ধারণার ভিত্তিতে বাকি নামাজ পূর্ণ করতে হবে। আর যদি রাকাত সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না থাকে, তাহলে কম সংখ্যাটি ধর্তব্য হবে এবং সে অনুযায়ী বাকি নামাজ পূর্ণ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক রাকাতের পর বৈঠক করে তাশাহহুদ পড়তে হবে এবং শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হবে।
হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন— ‘তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে এক রাকাত পড়ল না কি দুই রাকাত, তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত, তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামাজ পড়ে এবং (এসব ক্ষেত্রে) সালাম ফেরানোর পূর্বে দুটি সিজদা আদায় করে।’ (তিরমিজি ৩৯৮; আদ্দুররুল মুখতার ২/৯৩-৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; কিতাবুল আছল ১/১৯৮; বাদায়েউস সানায়ে ১/৪০৪; আলবাহরুর রায়েক ২/১১১)
