জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে!

জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জামায়াতের সঙ্গে এনসিপি এবং ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য ৩০টি এবং ৮ দলসহ অন্য শরিকদের সর্বমোট ১১০ আসন ছাড় দিচ্ছে জামায়াত।

শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এ দলটি আসন চেয়েছিল ৫৬টি। এ ছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে ৩টি আসন। এ দলটি ১২ আসন চেয়েছিল বলে জানা গেছে।

সর্বশেষ দলটির সঙ্গে সমঝোতায় আসা এনসিপির দাবিকৃত ৫২ আসনের মধ্যে ৩০টি আসন দিতে রাজি হয়েছে জামায়াত। এবি পার্টিকে ৩টি আসন দেওয়া হচ্ছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের সমঝোতা আসলে জামায়াতের সঙ্গে নয়, ৮ দলের সঙ্গে হচ্ছে।

৮ দলের মধ্যে সবচেয়ে বেশি দরকষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিকে ৩৫টি আসন দেওয়ার কথা ৮ দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি এখন তা মানতে রাজি হচ্ছে না। দলটি ১২০ আসন দাবি করছে।

ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, ন্যূনতম ৫০টি আসন ছাড়া হয়তো মীমাংসা হবে না। তিনি বলেন, আমরা আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হয়ে যাবে।

জামায়াত যে ১১০ আসন ছাড়ছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে খেলাফত মজলিস ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৩টি, লেবার পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৩টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ৩টি, খেলাফত আন্দোলন ৪টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক খবর আসছে যা সত্য নয়। তবে ৮ দলের মধ্যে এবং এনসিপিসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন