রাজধানী ঢাকায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা পোস্টকে জানান, সূর্যের আলো না থাকায় এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
সকালের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই ব্যবধান মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। হাফিজুর রহমান বলেন, আগামী শুক্রবার এই শীতের তীব্রতা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
